|
সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় কমিটিতে থাকছে না প্রধান বিরোধী দল বিএনপি। তবে সরকারি দলের চিফ হুইপের দেয়া এ সংক্রান্ত চিঠির উত্তর দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপারসন সর্বদলীয় কমিটিতে প্রতিনিধি পাঠানোর বিষয়টি সিনিয়র নেতাদের সাথে আলোচনা করেছেন। বৈঠকে সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের পাঠানো চিঠির জবাব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজই প্রতিনিধির মাধ্যমে চিঠির জবাব দেয়া হবে। তবে চিঠিতে কোনো প্রতিনিধির নাম থাকছে কিনা তা স্পষ্ট করেননি বিরোধীদলীয় চিফ হুইপ।
এদিকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেত্রীকে দেয়া চিঠিতে অস্পষ্টতা রয়েছে। কেন কি জন্য কমিটি গঠন করা হবে তার বিস্তারিত বর্ণনা চিঠিতে নেই। এর আগে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠায় প্রস্তাবিত সর্বদলীয় কমিটিতে যোগ দেয়া না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলের বেশকিছু সিনিয়র নেতা ও আইনজীবীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে রাত সোয়া আটটায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিয়া, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার-৭২এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করে। সর্বশেষ গত শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের একটি অনুষ্ঠানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় সোমবার সর্বদলীয় কমিটিতে একজন সদস্যের নাম দেয়ার প্রস্তাব করে সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে চিঠি পাঠান। আব্দুস শহীদ জানান, আগামী ২২ জুলাইয়ের মধ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে।
সরকারের প্রস্তাবিত সর্বদলীয় কমিটিতে বিএনপি যোগ দেবে কিনা তা চূড়ান্ত করতেই দলের সিনিয়র নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের সাথে এ জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
|
|